জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন দিতে বাধ্য করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়া ও তারেক রহমানের ৭ম কারামুক্তি দিবসের আলোচনায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন। স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ এ আলোচনা সভার আয়োজন করে।

বিএনপি নেতা বলেন, ‘অনেকেই প্রশ্ন করেন, বিএনপি রাজনীতি কোনো পথে? আন্দোলন করে বিএনপি আসলে কিছুই করতে পারবে না? কিন্তু আমার এবং বিএনপির সব নেতাকর্মীদের বিশ্বাস, বেগম জিয়া কৌশলগত কারণে এখন কিছুই বলছেন না।’

সরকারকে নির্বাচনে বাধ্য করার আন্দোলন অল্প কিছুদিনের মধ্যে শুরু হবে বলেও এ সময় তিনি জানান।

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক, জাতীয় কর্মজীবী দলের আলতাফ হোসেন সরকার প্রমুখ ।

ঢাকা,এমএইচ,১২ সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম, এআর