আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, স্বাধীনতা বিরোধীদের খুশি করতেই ১৫ আগস্ট মিথ্যা জম্মদিন পালন করছেন খালেদা জিয়া। মিথ্যা জম্মদিন পালনের মধ্যদিয়ে ’৭১’র খুনিদের সঙ্গে একাত্ততা ঘোষণা করছে তিনি।
বুধবার বিকালে রাজধানীর মতিঝিলে ওয়াপদা অডিটরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, বঙ্গবন্ধুর নির্দেশে স্বাধীনতার ঘোষণা করা হয়েছে। সেই ঘোষণা শুনেই আমরা দেশ স্বাধীন করেছি। শুধুমাত্র বঙ্গবন্ধুর কারণেই বিশ্বের দরবারে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই বঙ্গবন্ধুকে হত্যা করেছে স্বাধীনতা বিরোধীরা। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করে তারা সফল হয়নি। এখন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর হত্যার নেপথ্যে ছিল জিয়াউর রহমান। বঙ্গবন্ধুকে হত্যাকারীদের জিয়াউর রহমান সাহায্য করেছিলেন। এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চাকরি দিয়েছেন। আর এখন জিয়াউর রহমানের স্ত্রীর (খালেদা জিয়া) সেই যুদ্ধাপরাধী ও জঙ্গিদের নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি সামসুল আলম বকুলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শ্রম বিষায়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।
ঢাকা, এমআর, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





