আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তিনি বলেন, গ্রিক দেবীর মূর্তি অপসারণের বিষয়টি সরকারের এখতিয়ারে নেই। এটা সুপ্রিম কোর্টের বিষয়, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত।

আজ শুক্রবার সকালে গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের লেন উন্নত করার কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আসন্ন রমজান ও ঈদে মানুষের দুর্ভোগ সহনীয় মাত্রায় রাখতে সড়কে ভাসমান দোকানপাট এবং অবৈধ দখল উচ্ছেদ করতে হবে। এ জন্য হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএনপির সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, সরকারের নজিরবিহীন উন্নয়নে বিএনপি আজ হতাশ। হতাশা থেকেই তারা আচার আচরণ ও কথাবার্তায় বেপরোয়া হয়ে উঠছে। মফস্বলে কোনো সভা করতে গেলে তারা একে অপরকে ধাওয়া পাল্টা ধাওয়া করছে। লাঠিসোটা নিয়ে একে অপরকে আক্রমণ করছে।

এ সময় হাইওয়ে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আতিকুল ইসলাম, ঢাকা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সবুর, জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদসহ পুলিশ প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমবি