বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, মিথ্যা মামলায় চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অন্যায়ভাবে কিছু করার চেষ্টা করলে বিএনপি বসে থাকবে না।

শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিয়নের সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

হান্নান শাহ বলেন, বিএনপিকে নেতৃত্ব শূন্য করতেই খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। মামলা দিয়ে ও নেতাদের কারাগারে পাঠিয়ে বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না।

সরকারের উদ্দেশে হান্নান শাহ বলেন, ‘নিজের ঘর সামলান, বিএনপির দিকে কামান দাগানোর চেষ্টা করবেন না। সামনে আপনাদের কাউন্সিল হবে, দেখেন কী হয়।’

ভারতের সমর্থনে আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে দাবি করে তিনি বলেন, ‘বর্তমান সরকার অবৈধ, অনির্বাচিত। তারা জনগণের ভোটে ক্ষমতায় আসেনি। এরা মুখোশধারী গণমন্ত্রমনা। দেশে সুষ্ঠু নির্বাচন হলে ভারতের বিজেপির মতো জয় পাবে বিএনপি আর কংগ্রেসের মতো অবস্থা হবে আওয়ামী লীগের।’

বিএনপি নেতা আসলাম চৌধুরীর সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার বৈঠকের বিষয়কে অপপ্রচার বলেও অভিহিত করেন হান্নান শাহ।

তিনি বলেন, ‘যেখানে দেশের ৯০ শতাংশ লোক আওয়ামী সরকারের বিদায় দাবি করছে, সেখানে বিএনপির ষড়যন্ত্র করতে হয় না। এ ছাড়া গোয়েন্দারা কখনো মুক্ত আকাশের নিচে কিংবা সেমিনারে বসে ছবি তুলে বৈঠক করে বলে সেনাবাহিনীর সাবেক একজন কর্মকর্তা হিসেবে আমার জানা নেই। তবে আওয়ামী গোয়েন্দারা তা করে থাকতে পারেন।’

আয়োজক সংগঠনের সভাপতি আরিফ হোসেন হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, প্রাক্তন এমপি সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম আব্দুল্লাহ, প্রাক্তন ছাত্রনেতা অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, সুরুজ আহমেদ, কাউন্সিলর তানভীর আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

গাজীপুরের বরখাস্ত মেয়র এম এ মান্নানের মুক্তি দাবি ও গ্রেপ্তারের প্রতিবাদে এ আলোচনা সভার আয়োজন করে সচেতন নাগরিক ফোরাম গাজীপুর মহানগর।

এমবি