২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের ২৯তম ও ৭২ ঘণ্টা হরতালের শেষ দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল,ভাংচুর ও পিকেটিং করেছে হরতাল সমর্থকরা।
দেশের বিভিন্ন স্থানে হরতাল চিত্রতুলে ধরা হলো-
রাজধানীর মগবাজারে রেললাইন অবরোধ: রাজধানীর মগবাজারে মঙ্গলবার সকাল ৭টা থেকে রেললাইন অবরোধ করে রাখে রমনা থানা জামায়াতের নেতাকর্মীরা।
থানা জামায়াতের সেক্রেটারী জিল্লুর রহমানের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন, জামায়াত নেতা আকতার হোসাইন, সুলতান মাহমুদ, শিবির নেতা মোস্তাফিজুর রহমান ও মুরাদ হোসেন প্রমুখ।

আওয়ামী লীগের কার্যালয়ে সামনে হাতবোমা বিস্ফোরণ: মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে যাওয়ার দুই প্রবেশ পথের মুখে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় দূর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপি জোটের হরতাল-অবরোধবিরোধী সমাবেশ করছিলেন।
বেলা ১১টা ১৬ মিনিটের দিকে প্রথমে জিপিও-গোলাপ শাহ মাজার সড়ক থেকে কার্যালয়ে যাওয়ার প্রবেশ পথের মুখে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
এর মিনিটখানেকের মধ্যে স্টেডিয়াম সংলগ্ন সড়ক থেকে কার্যালয়ে যাওয়ার প্রবেশ পথের মুখে দ্বিতীয় হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। তবে এতে কেউ হতাহত হননি।

রাজধানীর মালিবাগে বাসে আগুন: রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় মাওয়া-গাজীপুর রুটে চলাচলকারী প্রচেষ্টা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা।
মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দফতর নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ভোজন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

হরতালের সমর্থনে উত্তরায় মিছিল: ২০ দলীয় জোটের হরতালের সমর্থনে রাজধানীর উত্তরার দক্ষিণখানে মিছিল করেছে ছাত্রশিবির।
মঙ্গবার সকাল সাড়ে ৭ টায় দক্ষিণখান আজমপুর কাচা বাজারে মিছিলটি অনুষ্ঠিত হয়।
শিবিরের ঢাকা মহানগর উত্তরের অর্থ সম্পাদক মো. আইয়ুবের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন কামরুল হাসান সোহাগ, কেরামত আলী, তৌফিকুর রহমান প্রমূখ।

কদমতলীতে পুলিশের গুলিতে শিবির কর্মী আহত: রাজধানীর কদমতলী থানার জাপান মার্কেটের সামনে পুলিশের সঙ্গে শিবির কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ গুলি চালালে আব্দুল হামিদ (২২) নামে এক শিবির কর্মী আহত হয়।
আহত হামিদ ঢাকা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র। মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।
কদমতলী থানার ডিউটি অফিসার এসআই কোকিল চন্দ্র সাহা জানান, হরতালের সমর্থনে একদল শিবির কর্মী একটি মিছিল বের করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়ে ও গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়। তাদের নাশকতা প্রতিরোধে পুলিশ গুলি ছুড়লে এক শিবিরকর্মী আহত হন ও অন্যরা চলে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইসলামবাগে ককটেল বিস্ফোরণ ২ জন আহত: রাজধানীর চকবাজার থানাধীন ইসলামবাগ এলাকায় দুর্বৃত্তদের ছোড়া ককটেলে মোহাম্মদ আজিজ (৩৫) ও নয়ন (১৬) দুই ব্যক্তি আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে ইসলামবাগ কাঁচাবাজারের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে স্প্লিন্টারের আঘাতে পরিচ্ছন্নকর্মী আজিজ ও দোকান কর্মচারী নয়ন আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে।

পাবনায় বিএনপির বিক্ষোভে ৫টি যানবাহন ভাঙচুর: পাবনায় অবরোধ ও হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বিক্ষোভকারীরা পাঁচটি যানবাহন ভাঙচুর করে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে দলীয় নেতা-কর্মীরা। এ সময় তারা হরতালের সমর্থনে ও সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় বড় বাজার এলাকায় ট্রাক, অটোরিকশাসহ পাঁচটি যানবাহনে ভাঙচুর চালায় নেতা-কর্মীরা।
পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

শাহাজাদপুরে শিবিরের মিছিল, পিকেটিং: রাজধানীর শাহাজাদপুরে মিছিল ও পিকেটিং করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের বাড্ডা অঞ্চলের নেতা কর্মীরা।
মঙ্গলবার সকাল ৮টায় শাহাজাদপুর কনপিডেন্স টাওয়ারের সামনে এই মিছিল ও পিকেটিং করে শিবির নেতাকর্মীরা।
এসময় তারা রাস্তার পাশে থাকা বালু ও কংক্রিটের বস্তা রাস্তায় ফেলে এবং আগুন জ্বালিয়ে রাজপথ অবরোধের চেষ্টাও চালায়।
বাড্ডা দক্ষিণ থানা সভাপতি ও সেক্রেটারির নেতৃত্বে শিবিরের স্থানীয় নেতাকর্মীরা মিছিল ও পিকেটিং এ উপস্থিত ছিলেন।
এছাড়াও দেশের বিভিন্ন স্থানে মিছিল ও পিকেটিং করেছে হরতাল সমর্থকরা।
এমকে





