হামলা-মামলা দিয়ে বিএনপির রাজনীতি শেষ করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৭ম কারামুক্তি দিবস উপলক্ষে গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন
তিনি বলেন,বর্তমান ক্ষমতাসী সরকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কাজেই এদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।
শেখ মুজিবুর রহমানের ৭ মার্চ ভাষণের সমালোচনা করে রফিকুল বলেন,যে বক্তা জয় পাকিস্তান বলে বক্তব্য শেষ করে তাকে দিয়ে স্বাধীনতা ঘোষণা সম্ভব নয়।
তিনি বলেন, দেশে সঙ্কটময় পরিস্থিতি বিরাজ করছে এর থেকে উত্তরণের জন্য আন্দোলনের মাধ্যমে আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে।
৫ জানুয়ারি কোনো নির্বাচন হয়নি দাবী করে রফিকুল বলেন, দেশে এখন কোনো গণতন্ত্র নেই। গণতান্ত্রিক সরকারও নেই। দেশ চলছে এক ব্যাক্তির রাষ্ট্রীয় শাসন।
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, শেখ হাসিনা আজ পর নির্ভরশীল হয়ে দেশের রাজনীতি ধ্বংশ করার প্রক্রিয়া বেঁছে নিয়েছেন। তারই ধারাবাহিকতায় বিএনপি নেতাকর্মীদের নামে একের পর এক মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে।
তিনি বলেন, আওয়ামীলীগের ষড়যন্ত্রের ঘুরপাকে জনগণের আন্দোলন ব্যর্থ হতে দিবে না বিএনপি।
সংগঠনের সভাপতি ডা. একে এম আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিয়াস করিম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব এবং ড্যাব মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।
ঢাকা, এমএইচ, ০৪ আগস্ট, টাইমনিউজবিডি..কম, কেএইচ





