জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে জনমত সৃষ্টি ও কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (২৬ এপ্রিল) শুক্রবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। গত ২১ এপ্রিল (রোববার) থেকে ৩দিনের ব্রুনাই সফর নিয়ে প্রধানমন্ত্রী এই সংবাদ সম্মেলন করছেন।

বক্তব্যের শুরুতেই শেখ হাসিনা গত ২১ এপ্রিল শ্রীলঙ্কায় আত্মঘাতী বোমা হামলায় নিহত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীসহ (৮) সবাইকে স্মরণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, “এই বোমা হামলায় আমার ফুফাতো ভাই শেখ সেলিমের নাতি জায়ন চৌধুরী নিহত হয়েছে। জায়ানের বাবা মশিউল হক চৌধুরী গুরুতর আহত অবস্থায় শ্রীলঙ্কার হসপাতালে চিকিৎসাধীন। আমি নিহতদের আত্মার মাগফেরাত এবং শান্তি কামনা করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

শেখ হাসিনা বলেন, “ব্রনাই বিমানবন্দরে নেমে বোমা হামলার বিষয়ে বিস্তারিত জানতে পারি। সঙ্গে সঙ্গে আমি এই নৃশংস হামলার নিন্দা জানিয়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে শোকবার্তা পাঠাই।”

তিনি বলেন, “আমি এই কাপুরোষিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে জনমত সৃষ্টি ও কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি।”

লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী তাঁর ব্রুনাই সফরের সফলতা ও বিভিন্ন বিষয়ে চুক্তির বিস্তারিত তুলে ধরেন।

এমবি