বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামীকাল পালিত হবে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার রাত ১২ টা ১ মিনিটে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে কেককাটা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে।
শিক্ষা, ঐক্য, প্রগতি এই শ্লোগানকে সামনে রেখে ১৯৭৯ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নামে সংগঠনটি প্রতিষ্ঠিত করেন বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
প্রতিষ্ঠার পর থেকেই জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশে সকল গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে ভূমিকা পালন করে আসছে।
বর্তমানে সংগঠনটির হাল ধরেছেন সর্বশেষ অনুমোদিত ছাত্রদল কমিটির সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক মো. ইসহাক সরকার।
জানা যায়, জিয়াউর রহমান ১৯৭৮ সালে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তখন তিনি ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করার জন্য এর একটি ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা অনুভব করেন। তাই তিনি ১ জানুয়ারি ১৯৭৯ সালে কেন্দ্রীয়ভাবে ছাত্রদল নামক সহযোগী সংগঠনটি প্রতিষ্ঠা করেন। জিয়াউর রহমানের জনপ্রিয়তায় মুগ্ধ হয়ে অনেক তরুণ সেই দিন অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে যোগদান করেন। বর্তমানে যারা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, তাদের মধ্যে অনেকেই ছাত্রজীবনে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন।
এদিকে, প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর নানা আয়োজনের মধ্যে দিয়ে সারাদেশে জন্ম দিন ও প্রতিষ্ঠা বার্ষিকীর দিনটি পালন করে থাকে ছাত্রদলের নেতৃবৃন্দ। ফলে ৩১ ডিসেম্বর রাত ১২ টা ১ মিনিটে ছাত্রদলের নেতৃবৃন্দ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে তাদের সংগঠনের জন্মদিন ও প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটা অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে।
এছাড়াও আয়োজন করা হয় র্যা লি, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।
জেএ





