জাতীয় একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র । এমনটা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন নতুন রাষ্ট্রদূত রবার্ট মিলার।

আজ মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

রবার্ট মিলার বলেন, আমরা মনে করি, ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেওয়া উচিত। নির্বাচনে বিরোধী দলে যেসব প্রার্থী আছে, তাঁদের সমানভাবে প্রচারণা চালানোর সুযোগ দেওয়া উচিত।

মার্কিন এই রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে যে সহিংসতা চলছে আমরা তার নিন্দা জানিয়েছি। বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে আমরা যে বৈঠক করেছি, সেখানে সহিংসতার একটি রিপোর্ট দেওয়া হয়েছে এবং আমরা সে বিষয়ে অবগত আছি। সবাই যেন নির্বাচনী প্রচারণা চালাতে পারে, আমরা সেটা চাই। নির্বাচনে সহিংসতার বিষয়ে যেসব রিপোর্ট দেখছি, তাতে আমরা উদ্বিগ্ন।

যুক্তরাষ্ট্র মনে করে, নির্বাচনের পদ্ধতি কার্যকর হবে না। যদি না সবাই নির্বাচনী প্রক্রিয়া সমানভাবে অংশ নিতে না পারে। আমি সকলকে উদ্বুদ্ধ করব গণতান্ত্রিক উপায়ে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য।

এদিকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিলারের সঙ্গে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের সঙ্গে রবার্ট মিলারের বৈঠক হয়েছে। আমরা সে বৈঠকে আগামী নির্বাচন নিয়ে আমাদের অবস্থান তুলে ধরেছি।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

মুহিব