একটি বিশেষ জায়গার পুলিশ আজ  বেপরোয়া হয়ে উঠেছে এবং তারা বেশি সুযোগ-সুবিধা ভোগ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রোববার বিকালে জাতীয় প্রেসক্লাবে পূর্বঘোষিত গণ-অনশন কর্মসূচিতে বেগম খালেদা জিয়া এ কথা বলেন।
বেগম জিয়া বলেন, সরকারের এই অন্যায় সুযোগ-সুবিধা নিয়ে ওই বিশেষ জায়গার পুলিশরা জনগণকে নির্যাতন-হয়রানি করছে। তারা মনে করছে, এই অবৈধ সরকার চিরদিন ক্ষমতায় থাকবে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় হলে তারা কোথায় যাবেন- প্রশ্ন রেখে তিনি বলেন, সব অপরাধের রেকর্ড রাখা আছে।
সারাদেশে গুম-অপহরণ আর খুনের ঘটনায় উদ্বেগ জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সরকারের লোকেরা দেশব্যাপী হত্যাযজ্ঞ চালাচ্ছে। চারিদিকে এখন রক্ত আর রক্ত। দেশের মানুষের চোখে শুধু পানি আর পানি।
তিনি বলেন, দেশব্যাপী গুম-খুনের সঙ্গে জড়িত সরকার এবং সরকারি দলের লোকেরা। তাই অপহরণকারীদের খুঁজে পাওয়া যাচ্ছে না।
বিএনপি চেয়ারপারসন বলেন, এই সরকারের অঙ্গ সংগঠন ছাত্রলীগ-যুবলীগ সারা দেশে জনগণের ওপর জুলুম নির্যাতন করছে। কিন্তু এই সরকার তাদেরকে দমানোর ক্ষমতা রাখে না।
[b]ঢাকা,০৪ মে (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]