আমি তোমাদের পাশে আছি- এটা জানানোর জন্যই খালেদা কাল জামায়াতের ইফতারে হাজির হয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু থেকে জননেত্রী শেখ হাসিনা’শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ড. হাছান বলেন, সবাই খালেদা জিয়াকে বলেছেন, আপনি জামায়াতের সঙ্গ ছাড়ুন। বিএনপি নেতারাও বলেছেন, জামায়াত না ছাড়লে আমরা আপনাকে ছাড়বো।

কিন্তু কাল যেভাবে জামায়াত নেতাদের পাশে বসলেন তাতে মনে হয়েছে, তিনি বিএনপি ছাড়তে পারেন, কিন্তু জামায়াত ছাড়তে পারেন না।

আওয়ামী লীগের এই নেতা আরো বলেন,জামায়াতের নেতাদের বিচার হচ্ছে বলে খালেদা জিয়ার গাত্রদাহ। তাই তিনি থাকতে পারেননি। জামায়াতের ইফতারে এমন ট্রাফিক জ্যামের মধ্যেও উপস্থিত হয়েছেন। আজানের পরে পৌঁছেছেন। জামায়াত নেতাদের পাশে বসেছেন।

আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অভিনেতা এটিএম শামসুজ্জামানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ,

আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, স্বাধীণতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

এআর