আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে গিয়ে বিএনপি নিজেরাই জনগণের কাছে থেক উৎখাত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপির সরকার উৎখাতের আন্দোলন এখন জনগণের কাছে হাস্যকর।
রোববার (৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি।
এ সময় বিএনপিকে নতুন বছরে ইতিবাচক রাজনীতির ধারায় ফিরে আসার আহ্বান জানান তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, এতদিন যে ধ্বংসাত্মক রাজনীতি করেছেন, মানুষকে জিম্মি করে রাজনীতি করেছেন, মানুষ হত্যার রাজনীতি করেছেন এবং মানুষকে পুড়িয়ে হত্যার রাজনীতি করেছেন— এগুলোর জন্য জনগণের কাছে ক্ষমা চান নতুন বছরে। ফকরুল সাহেব গতকালও কথা বলেছেন। আশা করেছিলাম বছরের প্রথম দিনে মির্জা ফখরুল ইসলাম তার কথাবার্তায় পরিবর্তন আনবেন। আমি তার প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, দুঃখজনক হলেও সত্য বছরের প্রথম কয়েকটা দিনে তার মধ্যে ভাষার কোনো পরিবর্তন আসেনি। তিনি যে ভাষায় কথা বলছেন, এ বছরেই তিনি নাকি সরকার উৎখাত করবেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ৩ জানুয়ারি ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।





