১লা বৈশাখ বাংলা শুভ নববর্ষ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির আমির মকবুল আহমাদ শুভেচ্ছা বাণীতে বলেন, “বাংলা নববর্ষ আমাদের সামনে সমাগত। মোঘল সম্রাট আকবরের আমল থেকে খাজনা আদায়ের সুবিধার্থে ১লা বৈশাখ বাংলা নববর্ষ হিসেবে পালিত হয়ে আসছে।”

জামায়াত আমির বলেন, “জাতি এমনি এক সংকটকালে বাংলা নববর্ষ উদ্যাপন করতে যাচ্ছে যখন গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায় বিচার দেশ থেকে নির্বাসিত। দেশে অবাধে চলছে হত্যা, ধর্ষণ, সন্ত্রাস, ঘুষ, দুর্নীতি ও লুটপাট। মানুষ পুড়িয়ে হত্যা করার মত বর্বর ঘটনাও ক্রমেই বেড়ে চলছে।”

“বাক-স্বাধীনতাসহ মানুষের সকল মৌলিক অধিকার পদদলিত। বাংলা নববর্ষে মঙ্গল প্রতীক ও মঙ্গল শোভা যাত্রার নামে আমদানী করা হচ্ছে ভিন্ন ধর্মের অপসংস্কৃতি। ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ধ্বংসের গভীর ষড়যন্ত্র চলছে। এ অবস্থা থেকে জাতি মুক্তি চায়। বাংলা নববর্ষ মুক্তির সেই আহ্বান নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে।”যোগ করেন মকবুল আহমাদ।

তিনি আরও বলেন, “আসুন জাতি হিসেবে সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়াবার শপথ নিই, যাতে দেশের সকল জনগণ শান্তি ও স্বস্তিÍর সাথে বাঁচার জন্য নিজেদের মত করে বাংলাদেশটাকে গড়ে তুলতে পারে। আমি দেশবাসী সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য কামনার পাশাপাশি জুলুম ও শৃঙ্খলমুক্ত বাংলাদেশ কামনা করছি এবং আমার দলের পক্ষ থেকে প্রিয় দেশবাসীকে বাংলা নববর্ষের উষ্ণ শুভেচ্ছা জ্ঞাপন করছি।”

জামায়াত আমির বলেন, “ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি জুলুম-নির্যাতনমুক্ত সুখী-সমৃদ্ধশালী জনকল্যাণকামী, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী গণতান্ত্রিক সমাজ গঠনে এগিয়ে আসার জন্য আমি দেশবাসী সকলের প্রতি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।”

আজ (১২ এপ্রিল) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের এম. আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠালো এক প্রেসবার্তায় এইসব তথ্য জানানো হয়।

এমবি