জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যা ষড়যন্ত্রের প্রতিবাদে ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেছে।

সমাবেশে ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য শুরা সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন বলেন, আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী একজন বিশ্বখ্যাত আলেমে দ্বীন ও প্রথিতযশা রাজনীতিবিদ। সরকার তার জনপ্রিয়তা ও সফলতায় ঈর্শ্বান্বিত হয়ে তাকে সর্ম্পূর্ণ অন্যায়ভাবে হত্যা করার গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। কিন্তু মাওলানা নিজামীর বিরুদ্ধে যেকোন ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। তিনি সরকারকে অপরাজনীতি ও প্রতিহিংসাপরিহার করে অবিলম্বে আমীরে মাওলানা মতিউর রহমান নিজামীসহ আটক সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় সরকারকে একদিন জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

তিনি বলেন, সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বিরাজনীতিকরণের পথ বেছে নিয়েছে। তারা দেশের গণতন্ত্র, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও গণতান্ত্রিক মূল্যবোধকে ধবংস করে দিয়েছে। নির্বাচন কমিশনকে সরকারি দলের অঙ্গ প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। তারা ৫ জানুয়ারি তামাশা ও ভাঁওতাবাজীর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে দেশে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করে গোটা দেশেই ত্রাসের রাজত্বে পরিণত করেছে। জনগণের জানামালের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের হলেও তারা নিজেরাই জননিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি করছে। মূলত এই ফ্যাসীবাদী ও বাকশালী সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন জনদুর্ভোগ বাড়বে বৈ কমবে না। তাই এই জুলুমবাজ সরকারের পতনের জন্য সকলকে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।

বিক্ষোভ মিছিলটি মিরপুর রোড থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য মাহফুজুর রহমান, শুরা সদস্য শেখ শরীফ উদ্দীন আহমদ, আনোয়ারুল হক, সোলাইমান হোসেন, মোঃ মিজানুর রহমান, মোস্তাফিজুর রহমান, এ্যাডভোকেট জসীম উদ্দীন তালুকদার, ডা. শফিউর রহমান, নূরুল ইসলাম আকন্দ, আব্দুল বারী আকন্দ, আশরাফুল আলম ও নাসির উদ্দীন, দারুসসালাম থানা সেক্রেটারি আহমদ উল্লাহ, ধানমন্ডি সেক্রেটারি মোহাম্মদ আলী, আদাবর সেক্রেটারি আব্দুল হান্নান, হাজারীবাগ সেক্রেটারি আব্দুর রহমান, শিবিরের ঢাকা মহানগরী পশ্চিমের সভাপতি মোহাম্মদ উল্লাহ রিপন, সেক্রেটারি মোজাহিদুল ইসলাম, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সেক্রেটারি সাদমান সালেক, ঢাকা কলেজ সেক্রেটারি সৌরভ, জামায়াত নেতা আবু নঈম, আব্দুল ওয়াজেদ কিরণ, মামুনুর রশীদ, ছাত্র্রনেতা ইনামুল হক, মোখলেছুর রহমান, আশরাফুল ইসলাম ফেরদৌস, ইকবাল হাসন, আব্দুলল্লাহ আল মামুন, সাকিব, রবিউল ও আমান প্রমূখ।

এমএম