আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব শুধু বঙ্গবন্ধুর সহধর্মিণীই ছিলেন না, তিনি ছিলেন বঙ্গবন্ধুর সারাজীবনের সহযোদ্ধা।
রোববার (০৮ আগস্ট) সকালে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তার সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রী পক্ষে ও পরে আওয়ামী লীগের পক্ষে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, পর্দার অন্তরাল থেকে সংকটে, সংগ্রামে বঙ্গবন্ধুকে প্রেরণা, শক্তি ও সাহস দিয়েছেন বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব। বিশ শতকের অন্যতম সেরা বাঙালি নারী তিনি।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম প্রমুখ।
এমবি





