শিক্ষা, সাংস্কৃতি ও শিল্প ক্ষেত্রে যে বরাদ্দ দেয়া হয়েছে তা ৪০ বছরে সর্বনিম্ন। সবখানেই বড়লোকদের ছাড় দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, দাবি আদায়ের একমাত্র পথ আন্দোলন। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমেই সকল দাবি আদায় করতে হবে।

আজ (১৮ জুন) মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের’ব্যানারে মানববন্ধনে অংশ নিয়ে তিনি এইসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, এ দেশে নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের সব পথ বন্ধ করে দেয়া হয়েছে। পাকিস্তান আমলে আন্দোলন করে দাবি আদায় করা হয়েছে। এমনাকি স্বাধীনতার পরবর্তী সময়েও আন্দোলন করে দাবি আদায় করা হয়েছে। তাই আন্দোলনের মাধ্যমেই সকল দাবি আদায় করতে হবে।  

‘খালেদা জিয়াকে কোর্ট জামিন দিলে সরকারের কোনো আপত্তি থাকবে না’আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারের কারণেই খালেদা জিয়া কারাগার থেকে বের হতে পারছেন না। বাংলাদেশে গণতন্ত্র বলতে কিছু নেই, বিচার বলতে কিছু নেই। দেশে আইনশৃংখলা বলতে কিছু নেই। সরকার যদি কোনো বাধা না দেয় তাহলে খালেদা জিয়া মুক্তি পাবেন।  

২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সম্পর্কে সাবেক এই সংসদ সদস্য বলেন, “এই যে বাজেট দেয়া হয়েছে এই বাজেট পুরাটাই বড়লোকের গ‌রি‌বের সাধারণ মানু‌ষের না। কিছুদিন আগেও কৃষকের ধান ক্ষেতে আগুন দি‌য়ে‌ছে ধা‌নের দাম না পাওয়ার কার‌ণে। ধানের উৎপাদনে যেখানে ৮০০ থেকে ১০০০ টাকা খরচ সেখানে ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি করতে বাধ্য হয়েছে।

অথচ এই বাজেটে কৃষ‌কের জন্য কোনও ছাড় দেয়া হয়নি। ছাড় দেয়া হ‌য়ে‌ছে বেশি যারা ব্যাংক লুট করেছে, শেয়ার বাজার লুট করেছেন তাদের প্রতি। আর যারা দেশের জনগণকে বাঁচিয়ে রেখেছে সেই কৃষক-শ্রমিকদের নিয়ে বাজেটে কোনও সুনির্দিষ্ট কথা নেই।”

শিক্ষা, সাংস্কৃতি ও শিল্প ক্ষেত্রে যে বরাদ্দ দেয়া হয়েছে তা ৪০ বছরে সর্বনিম্ন। সবখানেই বড়লোকদের ছাড় দেয়া হয়েছে।  বলেন শামসুজ্জামান দুদু।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন-লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ঢাকা মহানগর বিএনপির সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ।

এমবি