দুর্নীতির মামলায় কারাবন্দি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে শনিবার বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি।

আজ বৃস্পতিবার দুপুরে হাইকোর্টে তার জামিন আবেদন খারিজ হওয়ার পর এ কর্মসূচি দেয় দলটি।

ঘোষিত কর্মসূচি অনুযায়ি শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে ওই দিন রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সভাও করবে দলটি।

দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, শনিবার বেলা ২টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে রিজভী খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, এই খারিজ আদেশের মধ্য দিয়ে সরকারের হিংসাশ্রয়ী নীতিরই প্রকাশ হয়েছে। রিজভীর অভিযোগ, এই সরকার দেশনেত্রীকে অন্যায়, অন্যায্যভাবে এবং সব ধরনের আইনি অধিকার হরণ করে কারারুদ্ধ করে রেখেছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দল নেতা মোরশেদ আলম, আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।

এএস