উপজেলা নিবার্চনে পরবর্তী পর্যায়ে আর কোনো অনিয়ম করা হয় তাহলে উদ্ভুত পরিস্থিতির সকল দায় দায়িত্ব নিবার্চন কমিশনকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও দফতরের দায়িত্বপ্রাপ্ত রুহুল কবীর রিজভী আহমেদ।
বুধবার দুপুরে দলের নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, এই সরকার অবৈধ কিন্তু নির্বাচন কমিশন তো অবৈধ না। তাই উপজেলা নিবার্চনে আর কোনো অনিয়ম হলে তার দায় নির্বাচন কমিশনের ওপরে পড়বে।
সামনের নির্বাচনের ফলাফল অন্য রকম হবে সৈয়দ আশরাফের এই বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, অন্য রকম কেমন হবে বিরোধী দলের প্রার্থীরা কি প্রাণে বাচবে? তাদেরকে কি ক্রসফায়ারে দেয়া হবে নির্বাচনের ফল নিজেদের পক্ষে নিতে?
তিনি অভিযোগ করে বলেন, এই সরকার তাদের প্রভুদের সমর্থন ছাড়া এ দেশের জনগণের সমর্থনের কোন তোয়াক্কা করেনা। যে কোন মূল্যে ক্ষমতায় থাকতে এরা মরিয়া হয়ে উঠেছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ নেতা নুহ আলম লেলিনের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, এরা নিজেদের অপকর্ম গোপন করতে সব সময় বেগম জিয়াকে অকথ্য ভাষায় আক্রমন করেছে। এদের রাজনৈতিক ভাষা হচ্ছে অসভ্য।
উপজেলা নির্বাচন চলাকালীন প্রধান নির্বাচন কমিশনের বিদেশ সফর নিয়ে কঠোর সমালোচনা করে রিজভী বলেন, এ থেকে প্রমাণ হয় উপজেলা নির্বাচন নিয়ে কমিশন তাচ্ছিল্য করছে। এই নির্বাচন কমিশনের কাছে এদেশের জনগণ ও জনগণের মতামতের কোনো গুরুত্ব নেই।
রিজভী বলেন, নিবার্চন কমিশন জেগে জেগে ঘুমাচ্ছে। কানে তুলা দিয়ে রেখেছে।তারা এই সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে। যেমন সরকার তেমন নির্বাচন কমিশন।
তিনি বলেন, নির্বাচন কমিশন উপজেলা নির্বাচনে যথাযথ দায়িত্ব পালন না করলে ও নির্বাচন নিয়ে ছিনিমিনি খেলা করা হলে তারা শান্তিতে ঘুমাতে পারবেন না। জনগণের আন্দোলনের মাধ্যমে তার জবাব দেয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহিন, নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ১২ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
রাজনীতি
উপজেলা নির্বাচনে উদ্ভুত পরিস্থিতির দায় নিবার্চন কমিশনের: রিজভী
উপজেলা নিবার্চনে পরবর্তী পর্যায়ে আর কোনো অনিয়ম করা হয় তাহলে উদ্ভুত পরিস্থিতির সকল দায় দায়িত্ব নিবার্চন কমিশনকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও দফতরের দায়িত্বপ্রাপ্ত রুহুল কবীর রিজভী আহমেদ





