স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, খালেদা জিয়া ঈদের পর আন্দোলনের হুমকি দিয়ে দেশে জ্বালাও, পোড়াও ও হত্যার রাজনীতিকে উস্কে দিচ্ছেন।  

শনিবার বিকালে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখি হাইস্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ইফতার পার্টি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করে তিনি।

নাসিম বলেন, 'জনগণের স্বার্থেই সরকার এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল করেছে তার খেসারত জনগণকে নয়, তাদের দিতে হবে।'

তিনি আরো বলেন, 'গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করে ভবিষ্যতে কেউ যদি দেশে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করে তবে তা কঠোরভাবে মোকাবেলা করা হবে।'

এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, সাবেক সভাপতি রেফাজ উদ্দিন আহমেদ, সাবেক পৌর মেয়র গোলাম মোস্তফা তালুকদার মধূ, উপজেলা যুবলীগ সভাপতি লুৎফর রহমান মুকুল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, ছাত্রলীগ সভাপতি আলী আসলাম, সাধারণ সম্পাদক আল আমিন প্রমুখ।

নাসিম বলেন, 'খালেদা জিয়া দীর্ঘদিন ক্ষমতায় থেকেও তালপট্টিতে বাংলাদেশের মালিকানা প্রতিষ্ঠিত করতে পারেননি বরং মানচিত্র থেকে তালপট্টির অস্তিত্বই মুছে ফেলেছিলেন। অথচ শেখ হাসিনা আন্তর্জাতিক আদালতে আইনী লড়াই করে সমুদ্র সীমানার আয়তন বাড়িয়ে দিয়েছেন।'

ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ