মহাজোট খুনী নয়, বিএনপি নেত্রী খালেদা জিয়াই খুনীদের সঙ্গে নিয়ে রাজনীতি করছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি (খালেদা) ’৭১, ’৭৫ ও ২১ আগস্টের খুনীদের পাশে নিয়ে রাজনীতি করেন।

তিনি আরও বলেন, আমরা (জাসদ) যা করেছি প্রকাশ্যে করেছি। গণবাহিনী যা করেছে তা প্রকাশ্যে করেছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলিস্তানে জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

একদিন আগেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংসদ ভবনের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ইফতার পার্টিতে সরকার ও জাসদের গণবাহিনীর সমালোচনা করেন। তারপরই তথ্যমন্ত্রী এ বক্তব্য দিলেন।

খালেদা জিয়া বলছিলেন, শেখ হাসিনার সঙ্গে জাসদ ও এরশাদসহ সব খুনিরা একাত্ম হয়েছে। তাদের হাতে দেশ এখন আর নিরাপদ নয়। দেশে এখন প্রতিনিয়ত খুন, গুম, লুটপাট ও টেন্ডারবাজি চলছে।

জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, গণবাহিনী কতজনকে হত্যা করেছে সেই তালিকা আপনি (খালেদা) দেন। আর বিএনপি ক্ষমতায় থাকাকালীন আপনি কতজনকে হত্যা করেছেন সেই তালিকাও আমাদের কাছে আছে।

খালেদার সমালোচনা করে জাসদ সভাপতি আরও বলেন, জাসদের মাধ্যমে আমরা যখন রাজনীতি শুরু করি আপনি তখন রান্নাঘরের লোক ছিলেন। আমাদের সমালোচনা করার আগে আপনি নিজের ক্যারিয়ারের দিকে তাকান।

খালেদাকে ‘দুর্নীতি ও সাম্প্রদায়িকতার’ নেত্রী আখ্যায়িত করে তিনি বলেন, তাদেরকে আমরা এদেশের রাজনীতি থেকে বিতাড়িত করবো।

জাসদ সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) এসআর