ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার সকাল পৌনে ৯ টার দিকে ত্রাণ ও দুর্যোগমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
এ সময় হাবিবুর রহমান সিরাজ ও অ্যাডভোকেট অপু উকিলসহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিক, একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাত ফেরির মিছিলে লাখো মানুষের ঢল নামে। হাতে ফুল ও আর কণ্ঠে সেই কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি...’ ধারণ করে তারা প্রভাত ফেরিতে অংশ নেয়।
এরই মধ্যে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আইন শালিশ কেন্দ্রের পক্ষে অ্যাডভোকেট সুলতানা কামাল, বাংলাদেশ আইন কমিশনের পক্ষ থেকে প্রাক্তন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।
এ ছাড়া একে একে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, আওয়ামী প্রজন্ম লীগ, বাংলা একাডেমি, বিভিন্ন বেরসকারি বিশ্ববিদ্যালয়, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা।
ইআর





