কুমিল্লা বিভাগ কুমিল্লার নামেই হতে হবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী কুমিল্লার কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তির ওপর ক্ষুব্ধ। তাই তিনি কুমিল্লার নাম মুছে ফেলতে চান, এটা অত্যন্ত অন্যায়।

আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘কুমিল্লা বিভাগ বাস্তবায়ন পরিষদ’আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ব্যক্তি ক্ষোভের বশবর্তী হয়ে ঐতিহ্যবাহী জেলা কুমিল্লার নাম বাদ দিয়ে ময়নামতির নামে বিভাগ বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালী জেলার জনগণ মেনে নেবেন না। কেননা কুমিল্লা জেলার নিজস্ব ঐতিহ্য রয়েছে। আর এই অন্যায় যুক্তি কখনও টিকবে না।

মোশাররফ হোসেন বলেন, আজকে যিনি প্রধানমন্ত্রী, আজকে যারা মন্ত্রী তারা শপথ গ্রহণ করার সময় বলেছিলেন- রাগ, ক্ষোভ বা বিদ্বেষের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না। সংবিধানে রয়েছে, প্রধানমন্ত্রী যেই হন, তিনি সব রকম ক্ষোভ, বিদ্বেষের ঊর্ধ্বে থেকে সিদ্ধান্ত নেবেন।

সুতরাং কোনো ব্যক্তির ওপর ক্ষোভের বশবর্তী হয়ে প্রধানমন্ত্রী যদি কুমিল্লার নাম মুছে দিয়ে ময়নামতির নামে বিভাগ করেন তাহলে শপথ ভঙ্গ করবেন।

তিনি বলেন, যদি নাম পরিবর্তন করা হয়, মনে রাখবেন আপনারাই শেষ সরকার নন। আগামী দিনে যে সরকার ক্ষমতায় আসবে তারা ওই নাম পরিবর্তন করে কুমিল্লা নামেই বিভাগের নামকরণ করবে।

মোশাররফ হোসেন বলেন, ময়নামতি হলো কুমিল্লার বরুড়া উপজেলার একটি ইউনিয়নের নাম। তো বিভাগের নাম তো ইউনিয়নের নামে হতে পারে না। সরকারকে এ ধরনের হঠকারী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান তিনি।

কুমিল্লা বিভাগ বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক হুমায়ুন কবির ব্যাপারীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন ড. মারুফ হোসেন, মনজুর হোসেন ঈষা প্রমুখ।

এমবি