বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দিন দিন মুসলিম লীগের মতো হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শুক্রবার বেলা ১১টায় বিএমএ ভবন অডিটোরিয়ামে বাংলাদেশের কমিউনিষ্ট আন্দোলনের স্থপতি ভাষা সৈনিক কমরেড মোহাম্মদ তোয়াহা’র ২৭তম স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ইনু বলেন, মুসলিম লীগ মুক্তিযুদ্ধের বিপক্ষে গিয়ে বাংলাদেশের ইতিহাস থেকে চিরতরে মুছে গেছে। বিএনপি জামায়াতের পক্ষ নিয়ে ইতিহাস থেকে মুছে যাচ্ছে।
তিনি বলেন, জামায়াত ইসলামও এদেশ থেকে মুছে যেত কিন্ত জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন। ৮০ দশক থেকে ২০০১ সাল পর্যন্ত রাজাকারদের পর্দার আড়ালে রেখেছে বিএনপি। আর ২০০১ সালের এর পর খালেদা জিয়া প্রকাশ্যে জামায়াতের সঙ্গে নিয়ে দেশের মানুষের বিপক্ষে দাঁড়িয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর খালেদা জিয়াকে এক ভাবলে চলবে না উল্লেখ করে তথ্যমন্ত্রী ইনু বলেন, খালেদা জিয়া প্রকাশ্যে যুদ্ধাপরাদীদের পক্ষে অবস্থান নিয়েছেন আর শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার করছেন।
বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) আয়োজিত স্মরণ সভায় সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- লেখক, গবেষক ও বুদ্ধিজীবি সৈয়দ আবুল মকসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ্ কামাল, অ্যাডভোকেট বীরেন শাহা, এমএ গণি প্রমুখ।
জেআই





