জাতির জনক বঙ্গবন্ধু আমাদেরকে অনেক কিছু দিয়ে গেছেন কিন্তু আমরা তাকে যোগ্য সম্মান দিতে পারিনি বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে গ্লোবাল পাবলিশার্স ও ইত্যাদি গ্রন্থ প্রকাশ আয়োজিত 'জাতির জনক' বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আনোয়ার হোসেন বলেন, 'দল যার মত তার কিন্তু বঙ্গবন্ধু সবার' এই বিষয়টি এখন অনেকেই মানছেননা। অথচ বঙ্গবন্ধু আমাদের অনেক কিছুই দিয়ে গেছেন।

এ সময় ড. সৈয়দ আনোয়ার হোসেন যারা বঙ্গবন্ধুকে নিয়ে ভাবেন তাদেরকে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা 'বঙ্গবন্ধুর অসামাপ্ত আত্মজীবনী' বইটি পড়ার আহ্বান জানান।

'জাতির জনক' বইয়ের লেখক মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক মনোরঞ্জন গোশাল, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট জাহাঙ্গীর আলম খান, ন্যাশনাল এফ.এফ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এস এম জাহাঙ্গীর আলম, দৈনিক জনতার সম্পাদক আহসান উল্লাহ প্রমুখ।

এমএ/এমকে