বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দলের মূখপাত্র ড.আসাদুজ্জামান রিপন বলেছেন, দেশের গণতন্ত্র, নির্বাচনী ব্যবস্থা ও রাজনীতি একটি ক্রান্তিকাল সময় অতিক্রম করছে। এ অবস্থা থেকে দেশকে ফিরিয়ে আনার জন্য কাজ করতে হবে।

রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল আয়োজিত নাসির উদ্দিন পিন্টুর মৃত্যুতে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিএনপির এ মুখপাত্র বলেন, এ অবস্থা থেকে দেশকে ফিরিয়ে আনার জন্য কাজ করতে হবে। দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে আওয়ামী লীগ-বিএনপি নয়, সব দলের মধ্যে কার্যকর একটি সমঝোতা হওয়া দরকার। সংলাপ হওয়া দরকার।

তিনি আরো বলেন, দেশের রাজনীতি কঠিন সময় পার করছে। গণতন্ত্র আজ খাদের কিনারায়। এভাবে চলতে থাকলে দেশের অস্তিত্ব বিপন্ন হতে পারে।

রিপন বলেন, দেশের স্থানীয় নির্বাচন নিয়েও সর্বমহলে প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক সংস্থাগুলোও প্রশ্ন তুলেছে। সচেতন নাগরিক হিসেবে এটা আমাদের জন্য সম্মানজনক নয়। আমরা টেকসই গণতন্ত্র ও টেকসই নির্বাচনী ব্যবস্থার জন্য কাজ করতে হবে।

ইআর