বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী আহমেদ বলেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা সরকারের ক্রোধের শিকার।
তিনি সস্ত্রীক ঢাকেশ্বরী মন্দিরে লক্ষ্মী পুজা দিতে যান অথচ আইনমন্ত্রী তাকে নিয়ে মিথ্যাচার করেছেন। তিনি বলেন, তাতেই প্রমাণিত হয়, বিচারপতি অসুস্থ নন, তিনি সরকারের ক্ষোভের শিকার। সরকার গুন্ডামি করে তাকে সরিয়ে দিয়েছে।
আজ শুক্রবার সকালে এক মানববন্ধনে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, এর মধ্য দিয়ে আপনার আমার শেষ আশ্রয় থাকলো না! এতে যদি সোচ্চার না হই তাহলে যে কেউ সরকারের বিরুদ্ধে কথা বলবে তার ঘরও থাকবে না মেয়েও থাকবে না!
রিজভী আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রধান বিচারপতির ওপরে আরেকজন সুপ্রিম শক্তি নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে সবকিছুতে শাসন করতে চান। তাকে নামাতে হবে তীব্র আন্দোলনের মাধ্যমে এই দু:শাসনের পতন ঘটাতে হবে।
বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানকে অপহরণের প্রতিবাদ ও সন্ধানের দাবিতে এই মানববন্ধন হয়। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
অন্যদের মধ্যে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাগপা সেক্রেটারি খন্দকার লুতফর রহমান, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া প্রমুখ বক্তব্য রাখেন।
এমবি





