ধানের মূল্যে কম হওয়ায় ক্ষেতে আগুন দেওয়ার ঘটনাগুলো বিশেষ বিশেষ জায়গায় কেন ঘটছে- তা তদন্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ (২২ মে) বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এইসব কথা জানান।   

কৃষকের ধানক্ষেতে আগুন দেওয়ার বিষয়ে এক প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, এনিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বিষয়টি খতিয়ে দেখতে।

তিনিবলেন, “এখানে ঘটনাগুলো স্যাবোটেজ কিনা, কোনোভাবে এটা সরকারের সুনাম ক্ষুণ্ন করার জন্য কেউ বিষয়টা…কৃষক সংকট উদ্ভব হয়! কিন্তু এভাবে আগুন জ্বালিয়ে ধানক্ষেতে, এসব ঘটনাগুলো বিশেষ বিশেষ জায়গায় ঘটছে কেন, এটা তদন্ত করে জানাতে বলেছেন। দলীয়ভাবেও আমরা খোঁজ-খবর নেবো।”  

কাদের বলেন, সমস্যার বাস্তবসম্মত সমাধান করতে হবে। একটা সমস্যা হয়েছে, আগুন জ্বালিয়ে, ধান পুড়িয়ে এই সমস্যার সমাধান তো হবে না।  

তিনিবলেন, “সরকার এখানে আন্তরিক ও সরকার কখনও চাইবে না, আমাদের কৃষির মেরুদণ্ড যে কৃষকেরা তারা ক্ষতিগ্রস্ত হোক। কৃষকদের স্বার্থবিরোধী, কৃষকবান্ধব সরকার কখনো করবে না। শেখ হাসিনা সরকার এই ব্যাপারে আন্তরিক। এইসব বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। এখানে যে সমস্যার উদ্ভব হয়েছে, এর বাস্তবসম্মত সমাধানে উদ্যোগী সরকার।”

উল্লেখ্য, সম্প্রতি ধানের কম দাম নিয়ে দেশের কয়েকটি স্থানে ক্ষেতে আগুন দেওয়ার ঘটনার পর সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে উৎপাদন বৃদ্ধি এবং শ্রমিক সংকটের কারণে দু’একজন ভাবাবেগে আগুন দিয়েছে। আর সরকারের পক্ষ থেকে ধান কেনা কর্মসূচিও শুরু করা হয়েছে।

এমবি