নির্বাচনে জয়ী হওয়ার ক্ষেত্রে কোন অনিয়শ্চয়তা নেই বলে মন্তব্য করেছেন প্রধান মন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

আজ সোমবার সন্ধ্যায় প্রেসক্লাবের কনফারেন্স লাউন্জে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া আয়োজিত ‘সমৃদ্ধির বাংলাদেশ অর্জনে প্রবাসীদের ভূমিকা ও জাতীয় নির্বাচনী শীর্ষক আলোচনা-২০১৮’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি বলেন, বিজয়ের মাস ডিসেম্বরে মানুষ ৩০শে ডিসেম্বর ব্যালটের মাধ্যমে আরেকটি বিজয় নিশ্চিত করবে। আওয়ামী লীগের নির্বাচনে জয়ী হওয়ার ক্ষেত্রে কোন অনিয়শ্চয়তা নেই।

তথ্য উপদেষ্টা বলেন, বিএনপি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। সারাদেশে নির্বাচনের আমেজ সৃষ্টি হয়েছে। নির্বাচনে বিএনপি-ঐক্যফ্রন্ট পরাজিত হয়ে সহিংসতা সৃষ্টি করবে। এব্যাপারে সকলের সতর্ক থাকার আহবান জানান।

ইকবাল সোবহান চৌধুরী আরো বলেন,শেখ হাসিনার লক্ষ্য ক্ষমতায় আসা নয়। তার লক্ষ্য দেশকে এগিয়ে নেয়া। এজন্য আজকের বাংলাদেশ বিশ্বদরবারে অনন্য বাংলাদেশ হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দীকি। তিনি বলেন, শিক্ষার সাথে যোগ্যতা না থাকলে তা অর্থহীন।আর সেই যোগ্যতার সাথে দেশকে পরিচালনা করতে হবে।

আরেফিন সিদ্দীকি বলেন, রাজনীতির ক্ষেত্রে কোন প্রাতিষ্ঠানিক যোগ্যতা দরকার হয় না। রাজনীতির প্রধান যোগ্যতা দেশপ্রেম। আমাদের বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বি এফ ইউ জে এর সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল। তিনি বলেন, শেখ হাসিনা ধার্মিক, ব্যক্তিগতভাবে সৎ এবং তার মাথায় শুধু বাংলাদেশ আর বাঙ্গালী। এজন্য তার প্রতি আমরা আস্থা রাখি।

বুলবুল আরো বলেন, শেখ হাসিনা বহিবিশ্বে বাংলাদেশের সম্মান নিশ্চিত করেছে। আর বিএনপি বাংলাদেশকে বিক্রির ষড়যন্ত্র করছে।

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সভাপতি আাইনজীবী সিরাজুল হকের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক গিয়াসউদ্দিন মোল্লার পরিচালনায় সহ-সভাপতি গাউসুল আলম শাহজাদা যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ আলী শিকদার সহ বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়ার বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এম বিল্লাহ