‘২০১৯ সালের আগে নির্বাচনের দাবি আদায় করে নেয়া হবে’ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগের কাছ থেকে অবৈধ কোনো দাবি আদায় করা সম্ভব নয়।
হানিফ বলেন, আন্দোলন করে আওয়ামী লীগের কাছ থেকে দাবি আদায় করার ক্ষমতা বিএনপির নেই। বাংলার জনগণ বিএনপিকে আর ক্ষমতায় আনবে না। ২০১৯ সালের পরও শেখ হাসিনা ১০ বছর ক্ষমতায় থাকবে। কারণ শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তাই বাংলার জনগণ ভোটের মাধ্যমে বার বার শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে।
বুধবার বিকালে রাজধানীর খামার বাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটরিয়ামে “বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ” আয়োজিত জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সৈন্যবাহিনীকে সাহায্য সহযোগিতা করেছিলেন। তিনি প্রকৃতপক্ষে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছিলেন।
তিনি আরও বলেন, শুধু গণতন্ত্র দিয়ে দেশের উন্নয়ন হয় না। দেশের উন্নয়নের জন্য সঠিক নেতৃত্ব ও সুশাসনের প্রয়োজন। চীন বিশ্বের সবচেয়ে অর্থনৈতিক অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে সে দেশে কোনো দিন গণতন্ত্র ছিল না।
এ সময় আওয়ামী লীগের এ নেতা বঙ্গবন্ধু হত্যার দায়ে জিয়াউর রহমানের মরনোত্তর বিচারের দাবি জানান।
সংগঠনের সভাপতি ড. মো: আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাসিম প্রমুখ।
ঢাকা, এমআর, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





