জঙ্গিদের হত্যা করে ‘তথ্যের উৎস নষ্ট’ করার উদ্দেশ্য কী, তা সরকারের কাছে জানতে চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রশ্ন তোলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

নজরুল ইসলাম খান বলেন, তাঁরা বলছেন, জঙ্গিদের গ্রেপ্তার করে তাদের (জঙ্গি) কাছ থেকে সবকিছু জেনে জঙ্গিবাদের উৎস নির্মূল করা হোক। কিন্তু সরকার জঙ্গিদের হত্যা করছে।

নজরুল ইসলাম খান বলেন, যারা সত্যিকারের জঙ্গি, তারা নিহত হবে, আহত হবে। এতে কষ্ট পাওয়ার কিছু নেই। তারা (বিএনপি) শুধু বলছে, জঙ্গিদের হত্যা করে তথ্যের উৎস নষ্ট করার উদ্দেশ্যটা কী?

জঙ্গিবাদের সঙ্গে বিএনপির সখ্য আছে বলে সরকারের মন্ত্রী-সাংসদদের বক্তব্য প্রত্যাখ্যান করেন নজরুল ইসলাম খান। তাঁর ভাষ্য, বিএনপি বরাবরই জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলছে। অতীতে জঙ্গিদের গ্রেপ্তার করে শাস্তি দিয়েছি বিএনপি।

নজরুল ইসলাম খানের অভিযোগ, বিরোধী দলগুলোকে অভিযুক্ত করতে সরকারের আগ্রহে জঙ্গিবাদ আরও শক্তিশালী ও বেপরোয়া হতে পেরেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

এমবিএইচ