মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন,অচিরেই জামায়াত-শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। এ লক্ষ্যে সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। বাংলাদেশে জামায়াত-শিবিরের রাজনীতি করার কোন অধিকার নেই। তারা মুক্তিযুদ্ধের সময় এ দেশের বিরোধীতা করেছিল।

শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটোরিয়ামে “বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধীদের উত্থান” শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এই অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি বলেন, নর্দমার কিট ও আবর্জনাদের সংমিশ্রণে বিএনপি গঠিত হয়েছে। শেখ মুজিবকে হত্যা করার পর দেশে সন্ত্রাসীদের রাজত্ব কায়েম হয়েছিল। যারা বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত ও স্বাধীনতার বিরোধীতা করেছিল জিয়া ওই সকল অপরাধীদের মন্ত্রণালয়ে ঠাঁই দিয়েছিল।


জিয়াউর রহমান শেখ মুজিব হত্যার নেপথ্যে ছিলেন উল্লেখ করে তিনি বলেন, আমেরিকা ও পাকিস্তানী হানাদার বাহিনীর সাথে হাত মিলিয়ে স্বাধীনতা বিরোধীরা শেখ মুজিবকে হত্যা করেছে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ঢাকা বিশ্ববিদ্যালয় আহ্বায়ক মাহবুবুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান, ঢাবি প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম, ঢাবি ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মোল্লা, সাধারণ সম্পাদক ওমর শরীফসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ