ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি-ডিএসসিসি) নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে রাজধানীতে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
আজ (০১ ফেব্রুয়ারি) রোববার সকাল ৬টার দিকে এই হরতাল শুরু হয়েছে। চলবে একটানা সন্ধ্যা ৬টা পর্যন্ত।
তবে রাজধানীতে হরতালে নির্বাচন পরবর্তী যেকোনো ধরনের সহিংসতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে।
গতকাল (শনিবার) রাত ৮টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে ঢাকার দুই সিটি নির্বাচনে ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে ঢাকায় এই হরতালের ডাক দেন।
বিএনপি সর্বশেষ ১৩ ডিসেম্বর ২০১৭ সালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হরতাল দিয়েছিল। দীর্ঘ বিরতির পর আগামীকাল (০২ ফেব্রুয়ারি) আবারও হরতালের ডাক দিলো জাতীয়তাবাদী এই দলটি।
দুই সিটি নির্বাচনে ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে মির্জা ফখরুল বলেন, “ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কারচুপি ও ব্যাপক অনিয়মের প্রতিবাদে রবিবার সারাদিন ঢাকায় হরতাল কর্মসূচি পালন করা হবে। আমরা এই নির্বাচনকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি।”
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক প্রমুখ উপস্থিত ছিলেন।
তিন বছর ১০ মাস ১১ দিন পর আবারও বিএনপি হরতাল পালনের আহ্বান জানালো বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
এমবি





