স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে আজ বুধবার সন্ধ্যায় দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান টাইমনিউজবিডিকে এ তথ্য জানিয়েছেন।
গত ১৭ অক্টোবর সিঙ্গাপুর যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
মস্তিষ্কের ক্যারোটিড আর্টারিতে দুটি ব্লক ধরা পড়ায় কারাবন্দি ফখরুলকে গত ১৪ জুলাই সুপ্রিম কোর্ট চিকিৎসার জন্য জামিন দেয়। এরপর তিনি যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে চিকিৎসা নেন। দুটি ব্লক থাকলেও রক্ত সঞ্চালন মোটামুটি অব্যাহত থাকায় এবং ধকল সামলানোর মতো শারীরিক অবস্থা না থাকায় ফখরুলের অস্ত্রোপচার না করার পক্ষে মত দেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা। সে পরামর্শ নিয়ে দ্বিতীয় দফায় সিঙ্গাপুরে যান ফখরুল।
এ বছরের শুরুতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের তিন মাসের সরকারবিরোধী আন্দোলনের প্রথমেই গত ৬ জানুয়ারি প্রেসক্লাবের সামনে থেকে গ্রেফতার করা হয় ফখরুলকে। এর পর থেকে কারাগারে ছিলেন তিনি।
এমএইচ





