'যেকোনো মূল্যে গণতন্ত্র ফিরিয়ে আনবো' মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আমরা দেশ স্বাধীন করেছি, আজ সেই স্বাধীনতা বিপন্ন। তাই এখন এই স্বাধীনতা টিকিয়ে রাখতে আমাদের আন্দোলন চলবে।
তিনি বলেন, স্বৈরশাসককে হটিয়ে গণতন্ত্র ও দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য।
সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাসাসের বর্ষবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে। এ সময় অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা করতালি দিয়ে তাদের সমর্থন ব্যক্ত করলে বিএনপি চেয়ারপারসন বলেন, আপনারা আছেন, আমিও আছি।
অনুষ্ঠানে গীতিনাট্যের প্রশংসা করে তিনি বলেন, আপনারা এই পরিবেশনের মাধ্যমে বর্তমান স্বৈরাচারী সরকারের চরিত্র তুলে ধরেছেন। আমি আপনাদের আহ্বান করব, আপনারা এই পরিবেশনা সারা দেশে পৌঁছে দিন। মানুষ জানতে চায়, দেখতে চায়।
অনুষ্ঠানের শুরুতেই খালেদা জিয়াকে নববষের্র শুভেচ্ছা জানান দলের নেতা-কর্মীরা। খালেদা জিয়াও হাত নেড়ে নেতা-কর্মীদের নববষের্র শুভেচ্ছার জবাব দেন। পরে তিনি দর্শক সারিতে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
জাসাস আয়োজিত বাংলা নববর্ষ বরণের গীতিনাট্য অনুষ্ঠানটি পরিচালনা ও দিকনির্দেশনা দিয়েছেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার। অভিনয়ে রয়েছেন- অভিনেতা বাবুল আহমেদ, আশরাফ উদ্দিন উজ্জ্বল, হেলাল খান, শিবা সানুসহ জাসাসের নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা এএসএম আব্দুল হালিম, অর্থনীতি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সহছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ, জাসাসের সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক মনির খান, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন ভূইয়া শিশির প্রমুখ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]