মার্কিন আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শ্যারমানের বক্তব্যের কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, নির্বাচন সুষ্ঠু হয়নি এমন অভিযোগ করার কোনো অধিকার নেই বিদেশি বন্ধুদের।

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক দাঙ্গার প্রতি ইঙ্গিত করে 'আয়নায় নিজের চেহারা দেখার' পরামর্শও দেন তিনি। বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, ভোট গ্রহণের সময় কেন্দ্র পরিদর্শনে গিয়ে বিঘ্ন ঘটিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা বলেন, মার্কিন রাষ্ট্রদূত কেন্দ্র পরিদর্শনের সময় ভোটগ্রহণ চরমভাবে বিঘ্নিত হয়। একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে মার্সিয়া ব্লুম বার্নিকাটের এ বিষয়ে সজাগ থাকা উচিৎ ছিল বলেও মনে করেন এইচ টিম ইমাম।

সেই সঙ্গে তিনি ঢাকায় মার্কিন দূতাবাসের কিছু পলিটিক্যাল অফিসারের 'রাজনৈতিক পরিচয়' নিয়েও প্রশ্ন তোলেন।

গত ২৮ এপ্রিলের তিন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে দেশে-বিদেশে চলছে সমালোচনার ঝড় বইছে। ব্যাপক কারচুপি আর ভোট জালিয়াতির অভিযোগে ভোটের দিন দুপুরেই নির্বাচন বর্জন করে বিএনপি। এ নিয়ে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ এবং দেশি-বিদেশি পর্যবেক্ষকরা উদ্বেগ প্রকাশ করেছেন।

শুক্রবার নির্বাচনে অনিয়ম আর সহিংসতায় উদ্বেগ জানান ঢাকা সফররত মার্কিন আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শ্যারমান। এরপর রাতে প্রধানমন্ত্রীকে ফোন করে অনিয়ম এবং বর্জনের জন্য উদ্বেগ প্রকাশ করে তা তদন্তের আহবান জানান জাতিসংঘ মহাসচিব বান কী মুন।

কেএইচ