বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে বিতর্কিত না করতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেছেন নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহকে বিতর্কের বাইরে রাখতে এসব প্রতিষ্ঠানের উপর সরকার ও সরকারি দলের হস্তক্ষেপ ও প্রভাব বিস্তার বন্ধ করতে হবে।
তিনি বলেন, সরকার ও সরকারি দলের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব বিস্তার নিয়ন্ত্রণের কারণেই নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ বিতর্কিত ও অকার্যকরি হয়ে পড়েছে। তিনি বলেন সরকার ও সরকারি দলের ভূমিকার কারণেই নির্বাচন কমিশন অসহায়, দুর্বল ও খোলা হয়ে পড়েছে।
নির্বাচন কমিশনের অকার্যকারিতায় গোটা নির্বাচনী ব্যবস্থার উপর ইতিমধ্যে গণহতাশা ও গণঅনাস্থা তৈরী হয়েছে। জনগণের ভোটাধিকার আজ গুরুতর হুমকির মুখে। দুর্নীতি কমিশনের উপরও জনগণের আস্থা নেই। মানবাধিকার কমিশনও ক্ষমতাহীন, বিচার বিভাগও জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছে না। তিনি গ্রহণযোগ্য ও আস্থাভাজন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সকল রাজনৈতিক দল, নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং জনগণের মতামত ও পরামর্শ বিবেচনায় নিতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। আজ সকালে পার্টির ঢাকা মহানগর কমিটির সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
পার্টির সেগুনবাগিচার কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর কমিটির আহ্বায়ক আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরো বক্তব্য রাখেন মহানগর কমিটির সদস্য এ্যাপোলো জামালী, শাহাদাৎ হোসেন খোকন, মোজাম্মেল হক, মোফাজ্জল হোসেন মোশতাক, সিগ্ধা সুলতানা ইভা, ফায়জুর রহমান মনির, বিলকিস বেগম প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ সম্প্রতি সড়ক দুর্ঘটনায় প্রায় আড়াইশত মানুষের মৃত্যুতে গভীর ক্ষোভ প্রকাশ করেন এবং এইসব মর্মান্তিক দুর্ঘটনা সড়ক-মহাসড়কে নৈরাজ্যিক অবস্থারই প্রতিফলন। তারা দুর্ঘটনা প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
সভায় নেতৃবৃন্দ ব্যক্তিগত গাড়ী কমিয়ে এনে উপযুক্ত গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।
এআই





