উপ-মহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন তামিরুল মিল্লাত কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, মাও. আবুল মোকাররম মোহাম্মদ মোসলেম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।
মাও. আবুল মোকাররম মোহাম্মদ মোসলেম বাংলাদেশ চাষী কল্যাণ সমিতির সাবেক জেনারেল সেক্রেটারী ওজামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্যও ছিলেন।
আজ (বুধবার) দলটির ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার সহকারী মোহাম্মদ আব্দুল্লাহ সাইফ স্বাক্ষরিত এক শোকবার্তায় এই তথ্য জানানো হয়।
শোক বার্তায় নুরুল ইসলাম বুলবুল মরহুম মাওলানা আবুল মোকাররম মোহাম্মদ মোসলেমের ইসলামের দাওয়াত সম্প্রসারণ, ইসলামী আন্দোলন, শিক্ষা বিস্তার ও সমাজ সেবায় গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে বলেন, “তাঁর মৃত্যুতে আলেম সমাজে এক বিশাল শুন্যতার সৃষ্টি হলো এবং জাতি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দেশপ্রেমিক ও সমাজসেবককে হারালো।”
নুরুল ইসলাম বুলবুল মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, আল্লাহ যেন মরহুমের নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে সবর করার তৌফিক দান করেন।
মরহুম মাওলানা আবুল মোকাররম মোহাম্মদ মোসলেম বার্ধক্য জনিত কারণে মঙ্গলবার (১০ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর বাড্ডায় মেয়ের বাসায় ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮১ বছর। তিনি ৪ ছেলে ১ মেয়ে’সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা আজ (১১ এপ্রিল) বাদ আসর যাত্রাবাড়ীর মিরহাজীরবাগের তামীরুল মিল্লাত মাদরাসা প্রাঙ্গণে মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপ্যাল ড. মুফতি মাওলানা আবু ইউসুফ খানের ইমামতিতে অনুষ্ঠিত হয়।
এসময় জানাজায় অংশগ্রহণ করেন- জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য মুহাম্মদ আবু ফতেহ, হাফিজুর রহমান, সৈয়দ ইবনে হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি শাফিউল আলম, ঢাকা মহানগরী পুর্বের সেক্রেটারি তোফাজ্জল হোসাইন’সহ স্থানীয় এলাকাবাসী। মরহুমকে মাদ্রাসার পার্শ্ববর্তী কাজীবাড়ি কবরস্থানে দাফন করা হয়।
এমবি





