ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অর্থ চুরির ঘটনাটি ‘সরকারের জ্ঞাতসারেই ঘটেছে এবং এতে মদদও আছে’ বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

আজ দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

চুরির ঘটনার দায় সরকার এড়াতে পারে না মন্তব্য করে রিজভী বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগের মাধ্যমে প্রমাণ হয় যে, এই অর্থ চুরির সঙ্গে শুধু তিনিই দায়ী নন, এর সঙ্গে সরকারের উচ্চমহলও জড়িত।

আর্থিক খাতে ভয়াবহ লুটপাটের দায় এড়ানোর জন্য শুধু গভর্নরের পদত্যাগই যথেষ্ট নয়। চুরির দায় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীসহ গোটা সরকারের।’

রিজার্ভ চুরির ঘটনায় প্রধানমন্ত্রীসহ সরকারের পদত্যাগ দাবি করেন বিএনপির এই নেতা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ব্যাংকে বাংলাদেশের সঞ্চিত ১০ কোটি ডলার চীনা হ্যাকাররা হাতিয়ে নেয় বলে ফিলিপাইনের একটি সংবাদপত্র প্রতিবেদন প্রকাশ করে।

এতে বলা হয়, ব্যাংক চ্যানেলে ফিলিপাইনে ওই অর্থ নিয়ে সেখান থেকে ক্যাসিনোসহ একাধিক হাত ঘুরে অন্য দেশে নিয়ে যাওয়া হয় বাংলাদেশের এই অর্থ।

এসএম