বর্তমানে দেশের জনগণের নাভিশ্বাস উঠেছে এমন দাবী করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ঘরে বাইরে কোথাও আজ মানুষ নিরাপদে নেই। এজন্য জনগণের আন্দোলনের কাছেই সরকার পরাজিত হবে।

বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম দল ঢাকা মহানগর উত্তর আয়োজিত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৭ম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এমন আন্দোলন হবে যাতে করে তারা সীমান্ত পাড়ি দিয়েও পালিয়ে যেতে পারবে না।
অভিশংসন আইনের সমালোচনা করে গয়েশ্বর বলেন, বিচার বিভাগের শিরোচ্ছেদ করার জন্যই এই আইন পাশ করা হচ্ছে। এই আইন পাশ হলে দেশে আইনের শাসন ও গণতন্ত্র বলে কিছু থাকবে না।

সরকারের মন্ত্রীদের মধ্যে জিয়া পরিবারকে নিয়ে কটুক্তির প্রতিযোগিতা চলছে দাবী করে বিএনপির এই নেতা বলেন, এখন রাস্তা ঘাটে গালাগালি করেও মন্ত্রীত্ব পাওয়া যায়। এই যদি হয় মন্ত্রীত্ব লাভের উপায় তবে দেশের রাজনীতি কী অবস্থা হবে প্রশ্ন রাখেন তিনি।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, যত খুশি মামলা করেন আপনাদের বিদায় নিতেই হবে। আপনি যদি ভবিষ্যতে ক্ষমা চাইতে পান তাহলে ভদ্র মহিলার মত আচরন করে গণতান্ত্রিক পথে ফিরে আসুন।

ঢাকা মহানগর উত্তর মুক্তিযোদ্ধা প্রজন্মদলের সভাপতি এস এম রিয়েল রোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, প্রজন্ম দলের কেন্দ্রীয় সভাপতি শামা ওবায়েদ প্রমুখ।

ঢাকা, এমএইচ, ০৪ আগস্ট, টাইমনিউজবিডি..কম