বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদবলেছেন, বিএনপি ৫ জানুয়ারির নির্বাচনের আগে যে সহিংসতা করেছিল, তাতে কোনো ফলাফল পায়নি। ফলাফল না পাওয়ায় বিএনপির উপলব্ধি হয়েছে বলেই তারা নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফিরে এসেছে। এ জন্য তিনি বিএনপিকে ধন্যবাদ।
বুধবার সকাল ১০টায় রাজধানী গুলশানের হোটেল লেকশোরে ‘ইনোভেশন অ্যান্ড এগ্রিকালচার’ শীর্ষক দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ধন্যবাদ জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে। তবে তার চেয়ে বড় কথা হলো, সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়েই বাংলাদেশকে এগিয়ে যেতে হবে।
সেমিনার সম্পর্কে তোফায়েল আহমেদ বলেন, আজকের এই সেমিনারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের যে উত্তরোত্তর খাদ্য চাহিদা বেড়েছে, তার উত্তরণের পথ রয়েছে এই গবেষণা কর্মে।
তিনি বলেন, কানাডার সঙ্গে এই ধারণা বিনিময়ের ফলে বাংলাদেশ লাভবান হবে।
কানাডার হাইকমিশনার হেইডেন ক্রুডেন বলেন, কানাডা পৃথিবীর তৃতীয় বৃহত্তম গম রফতানিকারক দেশ। শুধু তাই-ই নয়, পৃথিবীর সবচেয়ে বড় আটা উৎপাদনকারী দেশও। একশ বছর ধরে কানাডার বিজ্ঞানীরা দেশের পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর উপযোগী গম উৎপাদনের কৌশল উদ্ভাবন করেছেন।
তিনি বলেন, বাংলাদেশ কানাডা থেকে আরও বেশি গম উৎপাদনের কৌশল জানতে পারবে এবং গম উৎপাদনও করতে পারবে।
২০১৩ সালে কানাডার সঙ্গে বাংলাদেশের ১.৮ বিলিয়ন বাণিজ্য হয়েছে বলে জানানো হয় সেমিনারে।
ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





