কুমিল্লা জেলার চান্দিনায় একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।
বুধবার এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে এ নিন্দা জানান ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান।
বিবৃতিতে তিনি বলেন, “গত ২ জুন রাতে কুমিল্লা জেলার চান্দিনায় একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলায় ৭ ব্যক্তি অগ্নিদগ্ধ হয়েছেন। এই নারকীয় নৃশংস ঘটনার নিন্দা জানানোর কোন ভাষা নেই। যারা এই হামলা চালিয়েছে তারা মানুষ নামের পশু।"
এ হামলায় উদ্দেশ্যপ্রণীতভাবে জামায়াত-শিবিরকে জড়ানোর কথা উল্লেখ করে তিনি বলেন, "আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, কুমিল্লার অতিরিক্তি পুলিশ সুপার তদন্ত করে দোষীদের শনাক্ত করার পূর্বেই ‘নাশকতা লক্ষ্যে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা এই হামলা চালাতে পারে’ মর্মে বক্তব্য রেখে মূলতঃ প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা করছেন।"
তিনি আরো বলেন, "দেশের কোথাও কোনো ঘটনা ঘটলেই তা জামায়াত-শিবিরের ওপর চাপানো সরকার ও এক শ্রেণীর কর্মকর্তাদের বদ অভ্যাসে পরিণত হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জামায়াত ও ছাত্রশিবিরের কোন সম্পর্ক নেই। তদন্ত করার আগেই পুলিশের পক্ষ থেকে জামায়াত-শিবিরকে দায়ী করা একটি দুরভিসন্ধি ছাড়া আর কিছু নয়।"
দোষীদের শাস্তির দাবি করে তিনি বলেন, "আমরা অতীতের প্রত্যেকটি হিংসাত্মক ঘটনার তদন্ত করে দোষীদের সনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের আহবান জানিয়েছি। কিন্তু আমাদের সে আহবানে সাড়া না দিয়ে একটি মহল নোংরা রাজনৈতিক খেলায় মেতে উঠেছে। ফলে বোমাবাজ ও ধ্বংসাত্মক কাজের নায়করা ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছে। আমরা এ খেলা বন্ধ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের সনাক্ত করে তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি। "
জেডআই





