আসন্ন পৌরসভা নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে কোনো আগ্রহ দেখায়নি বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একইসঙ্গে তিনি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান।

সোমবার বিকেলে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

খালেদা জিয়া বলেন, নির্বাচনে সারাদেশে বিএনপির প্রার্থীদের প্রচারণায় হামলা করা হচ্ছে। প্রার্থীসহ নেতাকর্মীদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এ অবস্থায় নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নিচ্ছে না।

আওয়ামী লীগের আমলেই দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছিল দাবি করে তিনি বলেন, ‘অবৈধ এই সরকার দেশের জঙ্গিবাদ দমন না করে বিরোধী দল দমনে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে। আর এ কারণেই এখন জঙ্গিবাদের এই নতুন উত্থান দেখা দিয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি'র (এনডিপি) চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজা, ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের নায়েবে আমির মজিবুর রহমান পেশোয়ারী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ, জমিয়তে উলামা ইসলামের নেতা মাওলানা মো. মহিউদ্দিন প্রমুখ।

এমকে