বিএনপি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানকে বলির পাঠা বানিয়ে বিদেশীদের কাছ থেকে সহনুভূতি নেয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার  ধানমন্ডিস্থ রাজনৈতিক কার‌্যালয়ে দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেন, বিএনপি সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ না করলে দেশী-বিদেশী কারো সমর্থন পাবে না। তাদের নৈরাজ্য বন্ধ না হওয়া পর‌্যন্ত বিএনপি তার অতীত ফিরে পাবে না। তারা এখন সন্ত্রাসী, জঙ্গি ও নষ্ট দলে পরিণত হয়েছে।

তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা একটি হাস্যকর প্রেসনোট দিয়েছে।তাদের দাবি দেশের বিভিন্ন স্থানে যেসব হামলা হচ্ছে তা সরকারি দলের লোকজন করছে।

যদি তাই হয়, তাহলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিজিবি’র দেয়া বক্তব্যে তারা উদ্বেগ প্রকাশ করছে কেন? আমরা তো এই বক্তব্যেকে স্বাগত জানিয়েছি। এতেই প্রমান হয়, দেশের বর্তমান পরিস্থিত জন্য বিএনপিই দায়ী।

বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে হানিফ বলেন, সন্ত্রাস, নাশকতা ও অবরুদ্ধের নাটক করে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া যাবে না। অবরুদ্ধের নাটক বন্ধ করে সঠিক রাজনীতির ধারায় ফিরে আসুন।

বর্তমান পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করতে আওয়ামী লীগ কোন সংলাপের উদ্যোগ নিকে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, কিসের সংলাপ, কার সঙ্গে সংলাপ।

খালেদা জিয়া উম্মাদ হয়ে গেছে। পথভ্রষ্ট হয়ে তিনি এখন পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করছেন। তারা এখন নষ্ট দলে পরিণত হয়েছে। নৈরাজ্যের পথ পরিহার করলে আলোচনার কথা আমরা ভেবে  দেখবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, স্বাস্থ্য বিষায়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, ত্রাণ ও সমাজকল্যান বিষায়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শ্রম বিষায়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

এমআর/এসএইচ