আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম (জামায়াত) হচ্ছে সহিংসতার জন্মদাতা। জামায়াত আর বিএনপির এজেন্টরা কখনো এক হতে পারে না। কারণ জামায়াত কখনো বাংলাদেশকে মেনে নিতে পারেনি।

শুক্রবার দুপুরে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত চলমান রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

খালেদা জিয়ার উদ্দেশ্যে সুরঞ্জিত বলেন, জামায়াতকে নিয়ে আপনি (খালেদা জিয়া) এগোতে পারবেন না বরং রাষ্ট্রের ক্ষতি করবেন। আপনার নেতাকর্মীরাও এ বিষয়টি আর মানতে পারছে না। খালেদা জিয়াকে বুঝতে হবে সহিংসতার আন্দোলন খুব বেশি দূর এগোয় না। সহিংসতা পরিহার করতে হলে জামাতকে পরিহার করতে হবে।

দুই নেত্রীকে সংলাপে বসাতে সুশীল সমাজের উদ্যোগের সমালোচনা করে সুরঞ্জিত বলেন, সুশীল সমাজের উদ্যোগ বিসমিল্লাতেই গলদ হয়ে গেছে। সহিংসতা বন্ধ না করে তারা আলোচনার কথা বলছে। একটি আলোচনার উদ্যোগ গ্রহন করতে যে বিশ্বাস যোগ্যতার প্রয়োজন হয় তা তাদের নেই।

তিনি আরও বলেন, আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে।বুদ্ধিজীবীদের আরও নিরপেক্ষ হতে হবে। আমরা মনে করি না এই সমস্যা প্রশাসনিক ভাবে সফল হওয়া যাবে। গ্রাম থেকে গ্রামের মানুষকে একত্রিত করে সহিংসতা নির্মূল করা হবে।

সংগঠনের সভাপতি এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ূন কবির মিজি, সাংস্কৃতিক সম্পাদিকা সাহনাজ পারভীন প্রমুখ

এমআর/ এআর