আইন শৃঙ্খলা বাহিনী উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বর্ধিত অংশ হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ।
রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
‘বেগম খালেদা জিয়ার এখন নাকে খত দিয়ে তওবা করতে হবে’ প্রধানমন্ত্রীর দেয়া গতকালের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করার এমন কৃতিত্ব আপনারই রয়েছে। তাই তওবার বিষয়টি আপনার জন্যই প্রযোজ্য।
তিনি আরো বলেন, সারাদেশে যেভাবে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা, গুম নির্যাতন করেছেন তার অনুশোচনা থেকেই তওবার বিষয়টি শেখ হাসিনা বলতে চাচ্ছেন।
তিনি বলেন, ক্ষমতাসীনরা অনুগত প্রশাসনকে কাজে লাগিয়ে ব্যালেট পেপার ছিনতাই, জালভোট প্রদান, ভোট কেন্দ্র দখল করার পরও বিরোধী দলীয় জোট প্রার্থীরা জয়লাভ করায় সরকার কাণ্ডজ্ঞান হারা হয়ে পড়েছে।
এজন্য সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের সমর্থিত প্রার্থীদের নির্বাচনী প্রচারণার সময় হামলা চালাচ্ছে।
তিনি বলেন, ভোটারশূন্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে তারা তথাকথিত বিজয়ের গর্বে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য সব ধরনের অপচেষ্ঠা করছে। এমনকি  আর যাতে ক্ষমতা হারাতে না হয় সেই আতঙ্কে এখন তারা কম্পোজিট সন্ত্রাসের কাঠামো নির্মাণ করছে।
আওয়ামী লীগ সমালোচনা সহ্য করতে পারে না এমন মন্তব্য করে তিনি বলেন, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনে সরকারের অনীহা থেকেই বুঝা যায় তারা আক্ষরিক অর্থে বাকশাল কায়েমের জন্য আর কোনো কিছুই গোপন রাখতে চায় না। আর এজন্য তারা বর্তমানে অঘোষিত কারপিউ দিয়ে দেশ চালাচ্ছে।
নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, উপজেলা নির্বাচনে তাদের ভূমিকার কারণে জনগণের নিকট তাদের ন্যূনতম আস্থার জায়গাটি হারিয়ে ফেলেছে। তারা এখন অবৈধ সরকারের টাইপিস্টের ভূমিকা পালন করছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলের সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন ও শামীমুর রহমান শামীম, যুবদলের সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম প্রমুখ।
[b]ঢাকা, ২৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]