নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে সার্চ কমিটির নামে নাটক হলে তা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশন মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নবম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে ঢাকা মহানগর বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে।

সভায় ফখরুল আরো বলেন, ‘স্বাধীন, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনেই আমরা সেই নির্বাচন চাই। আমরা গৃহপালিত নির্বাচন কমিশন, অথবা সরকারকে দিয়ে নির্বাচন পরিচালনা করবেন, আপনি আপনার মতো করে সবকিছু সাজিয়ে নেবেন—সেই নির্বাচন আমরা বিশ্বাস করি না। সার্চ কমিটি করেন, আর যাই করেন—জনমতের বাইরে এ দেশের মানুষ কোনো কমিটি মেনে নেবে না।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এই সার্চ কমিটির নাটক না করে ইতিপূর্বে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, শুধু তাই না, যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, বিশেষ করে এই দুটি দল, তার সাথে আরো অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সার্চ কমিটি গঠন করা হোক।’

এক-এগারোর সময় ষড়যন্ত্রের মাধ্যমে খালেদা জিয়াকে বন্দি করা হয়েছিল উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, এখনো সেই ষড়যন্ত্র চলছে। কিন্তু জনগণের প্রতিরোধের মুখে তা সম্ভব হবে না বলেও মনে করেন তাঁরা।

অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, ‘জনগণের ভোটের তোয়াক্কা যদি তিনি করতেন তাহলে আজকে দেশেই এই অবস্থা করতে পারতেন না। এই দেশে যে লুটতরাজ, যে লুটপাট হচ্ছে উন্নয়নের নামে, সব কিছু—এত খুন, এত গুম, এত জখম, এত হত্যা—সব কিছুর বিচার হবে কোনো না কোনো সময়। আজকে না হয় কালকে হবে।’

পবিত্র হজ পালন শেষে আগামী বৃহস্পতিবার সৌদি আরব থেকে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন। সেদিন দলের নেতা কর্মীদের বিকেল ৪টায় বিমানবন্দরে উপস্থিত থাকার আহ্বান জানান নেতারা।

এমবি