ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন পেতে দলের উপজেলার পর্যায়ের পাঁচ নেতার পাশাপাশি ২০০৮ সালের সংসদ নির্বাচনে স্থানীয় বিএনপি দলীয় এমপি প্রার্থীদেরও সুপারিশ লাগবে।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ইতিপূর্বে বিএনপি সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে, ইউপি নির্বাচনে দলের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চেয়ারম্যান পদে মনোনয়নের ক্ষেত্রে উপজেলা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই ৫ জন যৌথভাবে বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থীর নাম অনুমোদনের জন্য সুপারিশ করবেন।
আহ্বায়ক কমিটির ক্ষেত্রে উপজেলা বিএনপি’র আহ্বায়ক, সদস্য সচিব অথবা সদস্য সচিব না থাকলে ১ নং যুগ্ম আহ্বায়ক এবং ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটির ক্ষেত্রে আহ্বায়ক, সদস্য সচিব অথবা সদস্য সচিব না থাকলে ১ নং যুগ্ম আহ্বায়ক ও ২ নং যুগ্ম আহ্বায়ক অনুরূপ যৌথভাবে এই পাঁচজন দলীয় চেয়ারম্যান প্রার্থীর জন্য সুপারিশ করবেন।
কিন্তু আহবায়ক কমিটিতে যদি যুগ্ম আহ্বায়কের পদ না থাকে সেক্ষেত্রে উপজেলা বিএনপি’র কমিটির ক্ষেত্রে আহ্বায়ক ও সদস্য সচিব অথবা সদস্য সচিব না থাকলে ১ নং সদস্য এবং ইউনিয়ন বিএনপি’র কমিটির ক্ষেত্রে আহ্বায়ক, সদস্য সচিব অথবা সদস্য সচিব না থাকলে ১নং সদস্য ও ২নং সদস্য অর্থাৎ মোট পাঁচ জন অনুরূপ যৌথভাবে দলীয় চেয়ারম্যান প্রার্থীর নাম অনুমোদন করার জন্য সুপারিশ করবেন।
তবে পরবর্তীতে আরও একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে, ইউপি চেয়ারম্যান প্রার্থীর নাম অনুমোদন করার ক্ষেত্রে ওই পাঁচ জনের সুপারিশ ছাড়াও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে যারা বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী ছিলেন স্ব স্ব এলাকায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর নাম অনুমোদনে তাদেরও সুপারিশ অন্তর্ভুক্ত থাকতে হবে।
এমএইচ





