শামীমা নূর পাপিয়া ওরফে পিউয়ের সঙ্গে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের যোগাযোগের তথ্য যাচাই-বাছাই না করেই সংবাদমাধ্যমে প্রকাশ করা সমীচীন হয়নি বলে মন্তব্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নাটোর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভাশেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

সম্প্রতি গ্রেফতার পাপিয়াকে জড়িয়ে সংবাদ প্রকাশের ঘটনায় দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদকসহ কয়েকজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, “এ বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে কিছু কাল্পনিক তালিকা প্রকাশ করা হয়েছে। আমি মনে করি, সত্যতা যাচাই না করে এ ধরনের তালিকা প্রকাশ কোনোভাবেই সমীচীন নয়। যদি কেউ করে থাকে, সেটি পত্রিকা হোক, অনলাইনে হোক বা অন্যভাবে হোক সেটার দায় তারা এড়াতে পারেন না।”

হাছান মাহমুদ বলেন, “আমি কাগজে দেখেছি, আমাদের একজন সম্মানিত সংসদ সদস্য ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছেন। কেউ সংক্ষুব্ধ হলে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নিতেই পারেন। সেটি তার সাংবিধানিক অধিকার।

তিনি আরও বলেন, “আর যাচাই বাছাই না করে দায়িত্বশীল পত্রিকা কিংবা কোনো দায়িত্বশীল অনলাইন, অথবা দায়িত্বশীল ইলেক্ট্রনিক মিডিয়া এ ব্যাপারে নাম প্রকাশ করা কোনোভাবেই দায়িত্বশীলতার মধ্যে পড়ে না। সুতরাং এই দায়িত্বহীন আচরণ যদি কেউ করে থাকেন, দায়িত্বহীনতার দায় তাকে নিতে হবে।”

এমবি