দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ঈদে নিজ নিজ এলাকায় যাচ্ছেন না অধিকাংশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীরা। এ বছর তারা পবিত্র ঈদুল ফিতর ঢাকায় উদযাপন করবেন।
সোমবার বিকাল সাড়ে ৫টায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক ডাকা হয়েছে। কেন্দ্রীয় নেতারা সেখানে উপস্থিত থাকবেন।
প্রধানমন্ত্রীর ঈদ: এ বছর ঈদের দিন সরকারি বাসভবন গণভবনে ঈদ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে নয়টায় গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। পরে বেলা সাড়ে ১১টায় বিচারপতি ও কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। বিকালে তিনি বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে।
সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী ঈদ করবেন ঢাকায়। তিনি ইতোমধ্যে নিজ এলাকা ফরিদপুরে ঘুরে এসেছেন।
দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ঢাকায় ঈদ করবেন। তিনিও কয়েকদিন আগে নিজ এলাকায় ঘুরে এসেছেন।
আরেক উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রতিবারের মতো এবার নিজ জেলা ভোলায় নির্বাচনী এলাকায় ঈদ করবেন।
দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবারও যথারীতি ঢাকায় ঈদ করবেন। গত বৃহস্পতিবার তিনি কিশোরগঞ্জে গিয়েছিলেন।
সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, আবদুল লতিফ সিদ্দিকী, এডভোকেট সাহারা খাতুন, সতীশ চন্দ্র রায় ঈদে ঢাকায় থাকছেন।
আরেক প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবার ঢাকায় ঈদ করবেন। তিনি ইতোমধ্যে নিজ জেলা সিরাজগঞ্জ ঘুরে এসেছেন এবং নেতাকর্মীদের সাথে সাক্ষাত করে গরীব-দু:স্থ্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে এসেছেন। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকায় ঈদ করবেন।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ঢাকায়, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ঢাকায়, নূহ-উল আলম লেনিন নিজ এলাকা মুন্সিগঞ্জের লৌহজং-এ নেতাকর্মীদের সঙ্গে ঈদ করবেন। যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ ঈদ করবেন ঢাকায়। যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি ঢাকায় ঈদ করবেন। এছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুরে, ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী ঈদ করবেন নোয়াখালীতে। দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দী নিজ জেলা চাঁদপুরে থাকবেন।
ঢাকা, ২৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





