বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গঠনতন্ত্রের সংশোধনী চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এ কথা নিশ্চিত করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল রাত ৯টায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শুরু হওয়া এ বৈঠক চলে রাত পৌনে ১টা পর্যন্ত।
বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, বর্তমান স্থায়ী কমিটির সঙ্গে এটিই দলের চেয়ারপারসনের শেষ বৈঠক। আজকের বৈঠকে কাউন্সিলের সর্বশেষ প্রস্ততি সম্পর্কে স্থায়ী কমিটির সদস্যদের অবহিত করা হয়েছে। পাশাপাশি তাদের কাছ থেকে পরামর্শ নেয়া হয়েছে।
ফখরুল বলেন, টানা ছয় বছর এক সঙ্গে কাজ করায় স্থায়ী কমিটির সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন চেয়ারপারসন এবং নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন ও গণতন্ত্রকে সমুন্নত রাখতে সব রকম সহযোগিতা করায় সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
বৈঠকে স্থায়ী কমিটির প্রয়াত সদস্যদের জন্য শোক প্রস্তাব আনা হয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, আমাদের বিপ্লবী মহাসচিব স্থায়ী কমিটির অন্যতম সদস্য খোন্দকার দেলোয়ার হোসেন প্রয়াত হয়েছেন, ড. আর এ গণি মৃত্যুবরণ করেছেন, স্থায়ী কমিটির আরেকজন সদস্য আমাদের মাঝে নেই। এদের সবার জন্য শোক প্রস্তাব আনা হয়েছে।
বৈঠকে দলের গঠনতন্ত্র সংশোধনীর ব্যাপারে আলোচনা হয়েছে বলেও জানান মির্জা ফখরুল। তিনি বলেন, গঠনতন্ত্র সংশোধনের জন্য বেশ কিছু প্রস্তাব এসেছে। এই প্রস্তাবগুলো নিয়ে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আলাপ করেছেন দলের চেয়ারপারসন। এগুলো কাউন্সিলে পাস হলে তা সংশোধনী আকারে গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত হবে।
দলের প্রচার বিষয়ক সম্পাদক জয়নুল আবদিন ফারুক ও সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীমও এ সময় উপস্থিত ছিলেন।
দীর্ঘ এ বৈঠক সম্পর্কে জানতে গভীর রাত পর্যন্ত গণমাধ্যমকর্মীরা বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে অপেক্ষা করলেও এ নিয়ে কোনো নেতা মুখ খুলতে চাননি।
বৈঠকে উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসটি





